রুদ্ধ দুয়ার
- মুনির হোসেন (সূর্য)
দুয়ারের ছিটকানি থাকে দুই পাশে,
একপাশে একা মন অভিমানে হাসে।
ভিতরে শৃঙ্খল আর বাহিরেও তালা,
বুকের গহিনে জমে বিষাদের জ্বালা।
খুলিতে চাহিলে দ্বার বাধে অনুযোগ,
বিচ্ছেদে বেড়ে চলে স্মৃতির অসুখ।
যিনি যেতে চান তারো রুদ্ধ পথ আজ,
ফিরে আসা দায় বড়, ভেঙে যায় কাজ।
আড়াল বাড়লে শুধু দূরত্বই বাড়ে,
আবেগের তরীখানি ভেড়ে না যে পাড়ে।
দুই দিকে খিল এঁটে রবে কত কাল?
ছিঁড়বে কি কোনোদিন বিরহের জাল?
নিঃঝুম বারান্দায় নামে হাহাকার,
পুরানো চিঠিরা আজ হয়েছে স্তূপাকার।
শব্দরা ডুকরে মরে ঠোঁটের কিনারে,
হৃদয় পুড়ে ছাই হয় যাতনার কিনারে।
অভিমানী দেয়ালগুলো হয়েছে পাষাণ,
মৌনতা গিলে খায় স্বপ্ন-উদ্য্যান।
চোখের কোণে জমে থাকা লোনা জল বলে—
কষ্টেরা ঘর বাঁধে নিভৃত অনলে।
------------------------ সূর্য --------------------
যে পথে যাওয়ার কথা ছিল একসাথে,
সে পথ হারিয়ে গেছে কালবৈশাখী রাতে।
অচেনা আঁধারে আজ রুদ্ধ যে কপাট,
শূন্যতায় ভরে আছে মনের রাজপাট।
তুমি কি আসবে ফিরে সেই চেনা সুরে?
নাকি রয়ে যাবে আজীবন বহুদূরে?
এভাবে অবহেলায় কতকাল রবে—
রুদ্ধ এ দুয়ার বলো কবে মুক্ত হবে?
৩০-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।