নামহীন অপেক্ষা
- মোঃ নাসির উদ্দীন
পঞ্জিকার পাতা ওল্টায় রোজ, বাড়ে বয়সের ভার,
স্বজনের ভিড়ে তবুও দেখি বন্ধ সুখের দ্বার।
সবাই আছে হিসেব নিয়ে— 'খরচ কত হবে?'
রক্তের বাঁধন আলগা আজ, মানুষ কি শুধু ভাবে?
একা পথে চলা দায় এখন, সমাজটা বড় ভারী,
প্রেমের গল্পে বিশ্বাস নেই, সেখানে শুধু আড়ি।
তাই বলে কি বসন্ত আমার আসবে না কোনোদিন?
অপেক্ষাটুকু দীর্ঘ হচ্ছে, বাড়ছে বুকের ঋণ।
যৌবন আজ ফিকে হয়ে আসে সময়ের টানে,
বড় একা লাগে যখন নিশি জাগি সংগোপনে।
যাদের ভাবি আপন তারা পকেট মেপে চলে,
দায়িত্ব নেওয়ার ভয়ে সবাই মিথ্যে কথা বলে।
প্রেমের তরী ডুবছে দেখে একলা থাকার পণ,
আবেগহীন এই পৃথিবীতে কেউ নেই আপনজন।
বিয়ের বয়স পার হয়ে যায়, ললাটে চিন্তার রেখা,
ভাগ্য আমার মন্দ বড়, তাই বুঝি একা থাকা।
ঘরে ফিরলে নিস্তব্ধতা জড়িয়ে ধরে গায়,
মা-বাবার সেই ব্যাকুল চোখ খুঁজছে আমায়।
আত্মীয়রা দূরে থাকে, পাছে লাগে দায়—
টাকার কাছে সম্পর্ক আজ বড় অসহায়।
প্রেমের বিয়েতে সুখ নেই আজ, গল্পেরা সব মেকি,
অবিশ্বাসের এই দুনিয়ায় কার মুখ চেয়ে দেখি?
একাকীত্বের চাদর মুড়ি দিয়ে কাটে রাত,
হয়তো কোনোদিনও ধরবে না কেউ জীবন-ভরার হাত।
২৪-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।