শিউলী ঝরা দীর্ঘশ্বাস
- মোঃ নাসির উদ্দীন
শরৎ প্রাতের শিশির মেখে, ঘাসের গালিচায়—
তুমি কি আজও আসো প্রিয়, শিউলীর ছায়ায়?
শুভ্র পাঁপড়ির নরম ছোঁয়া, কমলা বোঁটার টান,
ঝরা ফুলের গন্ধে লুকানো কত না না-বলা গান।
এক চিলতে রোদ এসে যখন লাগে তোমার চুলে,
আমি কি তবে হারিয়ে যাই শিউলী ফুলের ভুলে?
আঁচল ভরে কুড়িয়ে নিতে সেই যে বকুল-শাখে,
স্মৃতিরা আজও আমায় একা নিরালায় ডেকে রাখে।
রাতের আঁধার নামলে পরে সুবাস ছড়ায় মেলা,
ভোর হলেই তো ফুরিয়ে যায় তোমার পরশ খেলা।
তুমি তো সেই শিউলী ফুল, অল্প আয়ুর হাসি,
ক্ষণিকের তরে এসো কাছে, যাও কেন পরবাসী?
অপেক্ষাটা দীর্ঘ বড়, শরতের নীল মেঘে—
তোমার কথা মনে পড়ে ভোরের আলোয় জেগে।
শিউলী কেন ঝরে যায় বৃন্ত ছিঁড়ে ধুলোয়?
তেমন করেই কি সুখের স্মৃতি বিষাদ হয়ে দোল খায়?
তুমি আছো দূরে কোথাও, কোনো এক নতুন ভোরে,
হয়তো নতুন শিউলী মালা গাঁথো আপন করে।
আর আমি এই শিউলী তলায় ঝরা ফুলদের দেখি,
একলা মনে দীর্ঘশ্বাসে তোমার ছবিই আঁকি।
২৬-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।