মুখোশের তালি
- মোঃ নাসির উদ্দীন
উৎসবের সাজে সেজেছে শহর, আলো ঝলমল রাত,
ভুল মানুষের হাতে আজ দেখি—স্মিত জয়ের হাত।
রূপালি পর্দায় তস্কর যখন বীরের বেশে ফেরে,
দর্শক তখন তালি দেয় খুব, নিজের সত্তা হেরে।
ত্রয়োদশ এই লগ্নে এসেও কাটলো না ঘোর মায়া,
আঁধার চাদরে ঢাকা পড়ে গেছে সত্যের ম্লান ছায়া।
বিবেকের ঘরে তালা ঝুলে আছে, চাবিটা হারিয়ে গেছে,
ন্যায়নীতি আজ ডুকরে কাঁদে ঐ সস্তা তালি’র কাছে।
যে হাত চুরিতে সিদ্ধহস্ত, তাকেই পরালে মালা,
হৃদয়ে আমার বিঁধছে ভীষণ একলা হওয়ার জ্বালা।
বিরহ আমার প্রেয়সীর নয়, এ বিরহ আজ দেশের,
যেখানে জৌলুস বাড়ে কেবল—চরিত্রহীন বেশের।
১৬-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।