অর্ধেক তুমি, অর্ধেক আমি
- মোঃ নাসির উদ্দীন
সংসার মানে একজোড়া হাত, একজোড়া বিশ্বাস,
একই ছাদের তলায় ভাগ করা দীর্ঘশ্বাস।
কখনো মান-অভিমান, কখনো মেঘলা আকাশ,
তারপরেই এক চিলতে হাসিতে রোদ্দুর বারোমাস।
তুমি আমার ক্লান্ত দুপুরের এক চিলতে শীতল ছায়া,
অবুঝ হৃদয়ে বুনে রাখা এক পশলা মায়া।
সারাদিন শেষে তোমার ওই হাসিমুখের কাছে,
পৃথিবীর সব ক্লান্তি যেন হার মেনে পাশে আছে।
কখনো আমি পথ হারালে, তুমি হও মোর দিশা,
তোমার বুকেই ঘুচে যায় মোর ঘোর অমানিশা।
রান্নাঘরের টুংটাং শব্দে, কিংবা কাজের ভিড়ে,
আমাদেরই ভালোবাসা নীড় বাঁধে প্রতিদিন ফিরে।
হয়তোবা নেই রূপকথার সেই রাজপ্রাসাদ কোনো,
আমাদের ছোট ঘরেই সুখের গানটি শোনো।
হাতে হাত রেখে চলা, এই তো জীবনের সার্থকতা,
অর্ধেক আমি, বাকি অর্ধেকের নামই তো তোমার মমতা।
২১-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।