নাম না জানা হাজারো ফুল
- মোঃ আছির আলী ( আসিফ )
নাম না জানা হাজারো ফুল
পথের ধারে ফোটে,
সব ফুলের কপালে কি আর
ফুলদানি জোটে..!
ভোরের শিশির চুমু খেয়ে
হাসে নীরব ঘাসে,
অচেনা রঙ মেলে ধরে
আপন মনে ভাসে।
কেউ দেখে না, কেউ রাখে না
খোঁজ তার পরিচয়,
তবু তারা সুবাস ছড়িয়ে
ভরে তোলে হৃদয়।
রাজপথ জুড়ে ধুলো উড়ে,
চাকা ঘোরে ক্ষণে,
পদতলে মিশে যায় কত
স্বপ্ন গোপন মনে।
তবু কি সে দুঃখ মানে?
ফোটাই তার ধর্ম,
অল্প ক্ষণে রঙ বিলিয়ে
করাই জীবনের বর্ণ।
সবাই পায় না আলোর মঞ্চ,
না পায় সোনার সিংহাসন,
তবু অচেনা ফুলের মাঝেই
লুকিয়ে থাকে সৃষ্টির স্পন্দন।
২৭-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।