অথৈ সমুদ্র আমি
- মোঃ আছির আলী ( আসিফ )
ভালোবাসি বলেই বলছি—
আমায় ভালোবেসো না।
আমি সেই সমুদ্র,
যার ঢেউ আর স্রোত
কখনো শান্ত, কখনো উন্মনা।
দূর থেকে আমায় দেখলে
মনে হবে শান্ত নীল,
কিন্তু ভেতরে লুকিয়ে আছে
অগণিত ভাঙা ঢেউয়ের খেল।
আমার বুকে জমে আছে
অজস্র না-বলা কথা,
প্রতিটি ঢেউয়ের আড়ালে
লুকিয়ে থাকে ব্যথা।
তুমি যদি কাছে আসো,
হারিয়ে যাবে গভীরতায়—
টেনে নেব তোমায় আমি
আমার অন্ধকার ছায়ায়।
আমি সুন্দর শুধু দূরত্বে,
কাছে এলে ভয়ংকর,
আমার জলে নেই কোনো তীর,
শুধু ডুবে যাওয়ার ঘর।
কিন্তু কাছে এলে বুঝবে—
আমি অথৈ জল, গভীর অন্ধকার,
আমার বুকে লুকিয়ে থাকে
অজানা ঝড়ের ভার।
তুমি যাকে রূপ বলো,
তা শুধু ছলনা—
আমার অন্ধকার গভীরতায়
আলো পায় না কোনো প্রার্থনা।
আমি কাউকে রাখি না—
সবাই ডুবে যায় ধীরে,
ভালোবাসা এলেই ভেঙে যায়
আমার অন্তহীন নীড়ে।
তাই আবার বলছি—
দূরে থেকো, ভালো থেকো,
আমি শুধু দেখার মতো সুন্দর,
ছোঁয়ার জন্য নই—
এই কথাটা মনে রেখো।
২৫-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।