শেষের প্রাপ্তি
- মোঃ নাসির উদ্দীন
সারাটি জীবন কাটিয়ে দিলে
মায়ার বাঁধন বুনে,
হিসাব মেলালে দিনের শেষে
কতটুকু আজ গুনে?
মানুষ যদি হাসে তোমার
শেষ বিদায়ের ক্ষণে,
ঘৃণার অনল জ্বালিয়ে রাখে
নিজের গহন মনে—
তবে জেনে রেখো
বৃথাই এলে বৃথাই কাটল বেলা,
ধুলোর ধরায় খেলে গেলে
শুধুই ছায়ার খেলা।
বিশাল অট্টালিকা আর
অর্থের ওই পাহাড়,
মুছতে পারে না একবিন্দু
ব্যর্থতা যে তোমার।
মানুষের মনে জায়গা না হলে
সবই যে মিছে হয়,
বিদায়বেলার অশ্রুটুকুই
শ্রেষ্ঠ পরিচয়।
০১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।