শুধু আমি ভালো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শুধু আমি ভালো
কলমেঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************

আমি চিৎকার করি—
দেশ গেছে রসাতলে!
নীতি গেছে জলে!
শাসক চোর! বিরোধী ভণ্ড!
ধর্মের নামে চলছে ছলচাতুরীর মণ্ড!

আমি আগুন ঝরি ভাষণে,
বুক বাজাই বিপ্লবী ভঙ্গিতে—
কিন্তু আঁধার রাতে
আমি-ই সবচেয়ে বড় চতুর খেলোয়াড়!

আমি সিএনজি-চালক—
মিটার আমার অলস যন্ত্র,
ভাড়া ঠিক করি ক্ষুধার মন্ত্রে!
শতকে করি দ্বিশত,
দ্বিশতে করি চতুর্গুণ,
যাত্রী কাঁদুক—
আমার বিবেক অচেতন!

আমি বাসের হাল ধরি—
ভাড়া বাড়াই চুপিসারে,
আইনের চোখে ধুলো ঝাড়ি
দৈনিক উপার্জনের ঘরে!

আমি মুদি, আমি পাইকার—
দুই টাকার অজুহাতে বিশ টাকার আগুন জ্বালি,
গুদামে লুকাই অন্নের ডালি!
তারপর বলি—
“বিশ্ববাজার দোষী!”

আমি ডাক্তার—
রোগীর ভয়ের ওপর দাঁড় করাই অট্টালিকা,
একটি ওষুধে কাজ হলেও
দিই সাতটি পরীক্ষার তালিকা!

আমি দপ্তরের কর্মচারী—
ফাইল আমার বন্দি পাখি,
টেবিলের নিচে মুক্তির চাবি রাখি!
ঘুষের নীরব সুরে
চলতে থাকে দপ্তরী রাগিণী!

আমি ভোটার—
পাঁচশ টাকায় বিকাই স্বপ্ন,
তারপর পাঁচ বছর গালি দিই শাসন!

আমি কর্মী—
চাঁদাবাজের ছায়ায় দাঁড়িয়ে
ভবিষ্যতের ভাগের আশায়
আজ অন্যায়ের জয়ধ্বনি গাই!

আমি দায়িত্বপ্রাপ্ত—
একটা সিল ঘুরাই,
একটা ফল বদলাই,
তারপর বলি—
“গণতন্ত্র অক্ষুণ্ণ!”

তবুও আমি পবিত্র!
কারণ আমি ধরা পড়িনি—
কারণ সবাই করছে—
কারণ সুযোগ হাতছাড়া করা বোকামি!

হে আয়না!
তুই কেন কাঁপিস?
আমি তো ভালো মানুষ!
আমি তো কেবল
সুযোগের সদ্ব্যবহার করি!

দেশটা দোষী নয়—
দোষী আমার লোভের রাজ্য।
রাষ্ট্রটা অন্ধ নয়—
অন্ধ আমার বিবেক!

তবুও আমি চিৎকার করি—
“এই দেশে কেউ ভালো না!”

আর ভেতর থেকে উত্তর আসে—
“শুধু তুই-ই ভালো—
কারণ তুই-ই সবার মতো!”
------------------------------------------------------


২৫-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026