রুদ্র-সতর্কবাণী
- মোঃ আমিনুল এহছান মোল্লা

রুদ্র-সতর্কবাণী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
হে কান্ডারী! দলীয় স্বার্থে যদি স্বাধীনতা-ফুলগুলি দাও ঝরায়ে,
মনে রেখো— তোমারও কুসুম ঝরিবে একদিন এই বাগানেই জড়ায়ে।
এ রন-ক্ষেত্র, এ বিজয়ের মাঠ যারা করেছিল রক্তে চাষ—
কেন আজ করো তাদের অপমান? কেন অপদস্ত করার এ আশ?

ধাপে ধাপে দিনে দিনে সনে সনে যে উদ্যান হলো লাল,
মুক্তিসংগ্রামের নামে সেথা শ্রম দিয়েছিল যারা চিরকাল।
লক্ষ লক্ষ নারী ও পুরুষ, কেউ প্রধান কেউ তার সাথী—
সবাই মিলে জ্বেলেছিল এই পরাধীন আঁধারে মুক্তির বাতি।

বায়ান্ন হতে একাত্তর— রোদ-বৃষ্টি-ঝড়-তুফান মাতিয়া ঘোরে,
আনিলে স্বাধীনতা— আজ একা কেন তুমি তাহার দাবিদার সাজো ওরে?
তবে কি কান্ডারী তুমিও স্বেচ্ছচারী? ইতিহাসে করো বিষ-রচন?
তোমার রচিত কাব্যে কেন তবে সত্যের এমন বিসর্জন?

কোথা তোমার সাতই মার্চের সেই তপ্ত বজ্র-ধ্বনি?
দশই এপ্রিল, সতেরই এপ্রিল— কেন নেই সেথা মুক্তার মণি?
কেন নেই বাহাত্তরের চারই নভেম্বর— শপথের সেই দিন?
এ সব দিবস ছাড়া কি স্বাধীনতা হবে কখনো কলঙ্কহীন?

কেন নেই সেই মুক্তিকামী বাংলার মহান স্বপ্নদ্রষ্টা পুরুষ?
পনেরই আগস্টের রক্তধারা কি তোমার ফিরায় না আজও হুঁশ?
সাতই নভেম্বরের সিপাহি বিপ্লব— সব অধিকার চাই মোরা,
ইতিহাসের প্রাপ্য মর্যাদা দিয়ে কাটো মিথ্যের এই ঘোরে।

তারা যে ভুল করেছিল, তুমি যেন করো না সে একই ভুল—
জনতার কাছে দিতে হবে ভাই তবে চড়া হিস্যা ও মাশুল।
উদার হও হে, হও নিরপেক্ষ ইতিহাসের বিশ্বস্ত প্রহরী,
এবার হারিলে কলঙ্ক-তিলক ললাটে রহিবে জনম ভরি!
--------------------------------------------------------------------


১৯-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।