দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
----------------------------------------------------
ওরে অবাক পৃথিবী! অবাক করলে তুমি—
দ্রব্য মূল্যবৃদ্ধির যাঁতাকলে পিষ্ট জন্মভূমি।
যেখানে চালের দানা আজ মুক্তোর চেয়ে দামী,
সেখানে ক্ষুধার মিছিলে আমিই অগ্রগামী।
হাজার টাকার নোটগুলো আজ খেলনা কাগজের মতো,
দরিদ্র বুকে এঁকে দিয়ে যায় অনাহারের ক্ষত।
রেশনের লাইনে দাঁড়িয়ে আছে পাংশুটে সব মুখ,
বাজারের ফর্দ দেখে কাঁপে মধ্যবিত্তের বুক।
তেলের শিশিতে আগুন লেগেছে, নুনে লেগেছে বিষ,
শোষকের ঘরে জমা হয় শুধু নোটের অট্টালিকা-স্তূপ।
পুষ্টিহীনতায় কুঁচকে গেছে আগামীর শিশুর গাল,
অভাবেতে আজ বিকিয়ে দিচ্ছে শ্রমিকের কঙ্কাল।
বিদ্যুৎ নেই, গ্যাসও উধাও—জ্বলে শুধু হাহাকার,
মুষ্টিমেয় লোক লুট করে নেয় বেঁচে থাকার অধিকার।
বেকার যুবক খুঁজে মরে কাজ, পেটে জোটে না অন্ন,
শহরের রাস্তায় হন্যে ঘোরে মানুষ—খাদ্যের জন্য।
পণ্যের দাম আকাশছোঁয়া, মানুষের দাম সস্তা,
মরার আগে কি মিলবে না ভাই একমুঠো চালের বস্তা?
প্রয়োজন নেই কবিতার আজ, ক্ষুধার রাজ্যে সব তুচ্ছ—
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি—অত্যন্ত ক্ষুদ্র।
হে নতুন কাল, হে বিদ্রোহী দিন—আসুক এবার সাম্য,
মূল্যবৃদ্ধির দানব ঘুচিয়ে অন্নই হোক একমাত্র কাম্য!
---------------------------------------------------------
২০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।