হিসাব মেলে না আজ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হিসাব মেলে না আজ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
--------------------------------------
শুনো হে শাসক, শুনো মহাজন, মোর হিসাব মেলে না আজ,
রিক্তের হাহাকারে ভরেছে আকাশ, মাথায় বজ্রবাজ!
মোর আয়ে শুধু অনাহার বাড়ে, ব্যয়েতে আকাশ ছোঁয়া,
তোমাদের লোভের আগুনে আজিকে স্বপ্ন হয়েছে ধোঁয়া!
তুমি বাড়াও শুল্ক, বাড়াও মূল্য—তেল, গ্যাস, নুন, তিল,
আমার পাজর ভাঙা আর্তনাদেও কি তোমার হবে না মিল?
তুমি তো গদিধারী ধনকুবের নাতি, দুর্ণীতি তব রক্তে,
পাচার করো দেশের সম্পদ বিদেশি সিন্দুক-তক্তে।
আমি তো সামান্য বেতনের দাস, নুন আনতে ফুরায় পান্তা,
আমার ক্ষুধার জ্বালা কি বুঝবে? তুমি যে পাষাণ-শান্তা!
তোমার প্রাসাদে বিজলি বাতি, আমার ঘরে যে ঘোর আঁধার,
দ্রব্যমূল্যের নাগপাশে আজ পিষ্ট হচ্ছে এ সংসার।
আমার তো নেই অঢেল অর্থ, নেই কোনো বিদেশের বাড়ি,
ঘাম ঝরা পরিশ্রমে চলে না যে আর জীবন-তরণী পাড়ি!
সবাই বলে দেশ স্বাধীন আজ, আমি কেন তবে পরাধীন?
মুক্তির নামে এই কি তবে শৃঙ্খল চিরদিন?
বেতন তো সেই তিমিরেই রবে, বাজার হবে যে চড়া—
বলো হে শাসক, কোন নরকে আজ দিচ্ছ মোরে ধরা?
সহ্যের বাঁধ ভেঙেছে আমার, ধৈর্যের সীমা শেষ,
আর পারি না সইতে আমি, ছাড়িব কি তবে স্বদেশ?
অসহায় এই মানুষের কথা কি পৌঁছাবে না তব কানে?
নাকি মহাকালের অভিশাপ লিখিব এই বিদ্রোহী গানে?
হিসাব মিলছে না হে ধরণী, আমি নিঃস্ব, আমি রিক্ত,
তোমার শোষণের কষাঘাতে আজ রক্তে আমাশয় সিক্ত!
জবাব দাও হে রাজাধিরাজ, জবাব চাই এ জাতির,
কবে হবে শেষ এই অবিচার—দমন পীড়ন অতি-র?
আমি চলিলাম তিমির আঁধারে, যদি না দাও মোর হকের ভাগ,
জেনে রেখো—এই রিক্তের দহনেই জ্বলবে বিপ্লবের আগ!
-------------------------------------------------------------
২০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।