তুমিহীন এই আমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তুমিহীন এই আমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************
এ হৃদয় তোমাকে দেখেছিল চোখের পাতায় নয়,
অনুভবের নীল সীমানায়, যেখানে অস্তিত্বের শুরু।
চিনি না তোমার রূপের বাহার, জানি না যৌবন-মায়া,
শুধু জানতাম— তুমিহীন এই আমি, এক দীর্ঘ ছায়া।

আমি চেয়েছি তোমায় তাড়াতে, ছিঁড়ে ফেলতে স্মৃতির পাতা,
হৃদয়কে বলেছি সহস্রবার— 'সে নয় তো তোমার মিতা'।
তবু অবুঝ এ মন মানেনি শাসন, শোনেনি কোনো বারণ,
নিভৃতে সে বুনেছে স্বপ্ন-বীজ, অকারণে অকারণ।

সেখানে চলত প্রেমের চাষাবাদ, নিঃশব্দ অভিমানে,
রক্ত দিয়ে লাল করেছি তোমায়, নিজেরই অজান্তে।
তুমি কত বড়, কতটা ঐশ্বর্য— তা ভাবেনি এই প্রাণ,
সে শুধু চেয়েছিল তোমার হৃদয়ে একটুখানি স্থান।

হৃদয় জানত না প্রেম কী, সে শুধু শিখেছে যাতনা,
তোমার অভাবের দহনে পুড়েছে, সয়েছে সব লাঞ্ছনা।
আজও সে চেয়ে আছে সেই পথের পানে, যেখানে তুমি নেই,
হারিয়ে গেছ কোনো এক অচিন মেঘের কোল ঘেঁষেই।

সেই চেনা ব্যালকনি আজ শূন্য, ফুলের বাগান ম্লান,
স্কুলের আঙিনা কিংবা জানালার দ্বারে গুমরে মরে গান।
সব আছে আগের মতোই, শুধু নেই তোমার সেই পরশ,
আমার হৃদয়ের এই হাহাকার, এক বিষাদমাখা হরষ।

তুমিহীনা এই শূন্য হৃদয়ে আজও তোমারই বসতি,
ভালোবেসে হেরে যাওয়াতেই হয়তো আমার শ্রেষ্ঠতি।
-----------------------------------------------------


২১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।