কৃষকের রোদন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কৃষকের রোদন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
জাগো রে কিষাণ! জাগো রে মজুর! কন্ঠে ধরো গান,
শুকায়ে গিয়াছে মাঠের শস্য, বিদীর্ণ আজ প্রাণ!
দিকে দিকে শোনো হাহাকার-ধ্বনি, তৈলবিহীন কল—
মেশিন থামিয়া মরুভূমি আজ সোনার ফসলি স্থল।

লাইনের শেষে রিক্ত হস্তে ফিরিয়াছ ঘর পানে,
শাসকের কানে পৌঁছায় নাকো ক্ষুধার্তদের গানে।
আকাশে জ্বলিছে রুদ্রের আঁখি, নদী-নালা সব শুষ্ক,
তৈলের দামে আগুন লেগেছে, ভাগ্য যে আজ রুক্ষ।

সার ও বিষের আকাশছোঁয়া দর, পিঠ ঠেকে গেছে দেয়ালে,
সব শুষে নেয় মদমত্ত ঐ শাসক আপন খেয়ালে!
পরিবহনের ভারে নুইয়াছে মেরুদণ্ড আজ তব,
রক্ত বেচিয়া শোধ করো ঋণ—এ এক নরক নব।

কোথা সে লাঙল? কোথা সে জোয়াল? জাগো ধূমকেতু প্রায়,
অত্যাচারীর সিংহাসনটা চূর্ণ করো হে পায়!
মাঠভরা ফসল পুড়িয়া ছাই, ঘরে নাই এক কণা,
অশ্রু মুছিয়া ধরো হাতে আজ বিদ্রোহেরই আলপনা।

রক্তশোষক ঐ শাসকেরে জানাও তীব্র ধিক্,
কৃষক বাঁচিলে বাঁচিবে স্বদেশ—জাগো ওরে দশ দিক!
তুমিই ভিত্তি, তুমিই শক্তি—নত কেন তব শির?
ভাঙো শিকল, আনো রে জোয়ার, তুমি যে চির-বীর।

জাগো অগ্নি-সন্তান! রুখিয়া দাঁড়াও বজ্র-কঠিন রোখ—
কৃষক-শত্রুর বিনাশ ঘটাতে জ্বালো আজ বিপ্লব-চোখ।
-------------------------------------------------------


২১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।