ওরে দেশদ্রোহী রাজ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ওরে দেশদ্রোহী রাজ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************
ওরে ও অন্ধযুগের মায়াবী শাসক, মিথ্যার বেসাতি তব,
কণ্ঠ ছাড়িয়া কতকাল আর গাহিবে এ গান নব?
‘দেশ বেচা হলো’, ‘গোলামি আসিল’—এ সুরের মায়াজালে,
কতকাল আর ঢাকিবে সত্যে মিথ্যার অন্তরালে?

দাও দেখি দেখা—কোথায় সে লিপি, দেশদ্রোহী দস্তখত?
জনতার চোখে ধুলা দিয়ে আজ হয়েছো যে পথচ্যুত!
ক্ষমতার রথে চড়ে বসেছিলে, হাতে ছিল সব চাবিকাঠি,
কেন তবে আজো প্রমাণ বিহীন তোমার সে তর্জনীটি?

তুমিও তো ছিলে সেই সিংহাসনে, প্রমাণের থালি হাতে—
কেন তবে রটিলে কেবল কলঙ্ক আঁখিপাতে?
দেশপ্রেমিকের মুখোশটি পরে তলে তলে কার চাটুকার?
স্বাধীন এ দেশে কার অনুমতির অপেক্ষায় হাহাকার?

যারা চায়নি এ দেশের আলো, আজন্ম বৈরী যারা,
তাদেরই চরণে আজ লুটাইছে কি সব স্বত্বহারা?
স্বাধীন দেশের আকাশ-বাতাস আজ কেন পরবাসী?
কেন আমাদের কণ্ঠের কোণে বিজাতীয় সেই হাসি?

তুমি লুণ্ঠিত স্বাধীনতার নায়ক, তুমিই তো সেই চোর,
সোনালী ভোরের ললাটে এঁকেছো অমানিশা ঘোর।
জনতার কাছে দিতে হবে জবাব, কেন এ গোলামি চুক্তিনামা?
স্বার্থের তরে কেন খোয়ালে দেশের বুকের সে জামা?

শান্তির দূত সেজে এলে ওরে ও অশান্তির কারিগর,
ধিক তোরে শত ধিক ওরে জাতিদ্রোহী, ভণ্ড, প্রতারক অমর!
বিপ্লবী-রোষে ফুঁসিছে জনতা, ফুঁসিছে এ মাটি আজ—
খোলো দেখি তব মায়াবী আবরণ, ওরে দেশদ্রোহী রাজ!

এই ইতিহাস মুছিবে না কভু তব এ কলঙ্ক-তিলক—
রক্তের অক্ষরে জবাব লিখিবে আগামীর জন-বালক!
--------------------------------------------------------------


২১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।