হে অভাগা নারী” শিল্পী”
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হে অভাগা নারী শিল্পী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
হাতে হাতকড়া, কোমরেতে বেল্ট—একি দেখি স্বাধীনতা?
সিজারের ক্ষত শুকায়নি আজো, এ কেমন বর্বরতা!
দেড় মাস আগে যে শিশুটি পেল জননীর ওম গায়ে,
সে কেন আজকে রক্ত দেখবে শোষকের রাঙা পায়ে?
পৃথিবী অবাক! তাকিয়ে দেখছে মা-মেয়ের এই দশা,
আইনের নামে এ কোন দানব মেলিয়াছে তার থাবা?
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, সে কথা তো জানা আছে,
কিন্তু মাতৃত্ব কেন আজ বলি হবে—অমানবিকতার কাছে?
রাষ্ট্রের কাণ্ডারী! জবাব কি আছে? কেন ওই শিশু জেলে?
নিষ্পাপ মুখটা মলিন হলো যে প্রতিহিংসার রোষানলে।
শিল্পী যদি বা হয় অপরাধী, বিচার তো হবে তবে—
কিন্তু মায়ের কোল থেকে টেনে এ কেমন সাজা হবে?
যে রাজনীতি আজ বিষ ঢেলে দেয় শিশুর দুগ্ধ-পানে,
সে রাজনীতির কবর খুঁড়িতে আমরা যে আজো জানি।
মানবিকতা আজ ডুকরে কাঁদছে লোহার ওই গরাদে,
মানুষের বিচার কেন হবে আজ দানোদের অপরাধে?
হে বিশ্ব! দেখো, স্বাধীন বাংলায় মাতৃত্ব আজ বন্দী,
ক্ষমতার লোভে শাসকেরা করে কত শত কূট-সন্ধি।
তবু জেনো এই শিশুর অশ্রু ঝঞ্ঝা হয়ে নামবে—
অবিচারীদের মসনদ কোনোদিন স্বস্তিতে কি থামবে?
এই নিষ্পাপ শিশুর চোখের জলে ধুয়ে যাক সব দম্ভ,
মাতৃত্ব আজ রক্তে ভিজেছে—লজ্জিত আজ স্তম্ভ!
হে রাষ্ট্রের কাণ্ডারী! বলো—নিষ্পাপ শিশুর কি অপরাধ?
মায়ের সাথে কেন তাকে আজ কারাদণ্ড নির্বাদ?
হে অভাগা নারী শিল্পী! তব অশ্রুসজল নয়ন-নীরে
ভিজেছে মাটি, কেঁদেছে আকাশ স্বাধীন বাংলার তীরে।
তামাম দুনিয়া স্তম্ভিত আজি হেরিয়া এ পাষাণ দৃশ্য,
মমতাময়ী মায়ের বিচারে লজ্জিত আজ বিশ্ব!
জাগো হে জনতা, জাগো হে আদালত, জাগো হে রাষ্ট্রনায়ক,
হিংসার অনলে পুড়ো না আর—হইয়ো না মানবতার ঘাতক।
-------------------------------------------------------------------
২২-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।