সময় অনেক কিছু বদলায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সময় অনেক কিছু বদলায়—
কলমেঃ মোঃআমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
সময় অনেক কিছু বদলায়—
ভুলতে শেখায়,
সহিতে শেখায়,
প্রতিশোধ ভুলে ক্ষমা দিতেও শিখায়!
তবু এই বুক—
কেন যে অবুঝ বড়!
সহজে কি শেখে মুছে ফেলা স্মৃতি?
সহজে কি মোছে একটি নাম—
যাহারে ঘিরে এ জীবন-নাট্য, এ হৃদি-গীতি?
যুগের চাকার আবর্তনে,
অতীতের ঘুণে-ধরা প্রাঙ্গণে,
ভেঙেছে অনেক পাষাণ-কারা!
শিখেছি আমরা হতে দিশাহারা
বিপ্লবী এক ক্ষমার নেশায়।
পুরানো জখম ঢাকিতে শিখেছি
নতুনের অভিনব কুয়াশায়।
সবই তো শিখিনু—
জানি শুধু এক হার মানা;
সহস্র নামের ভিড়ে ঐ নাম—
কেন রয় চির-অজানা?
সময় বদলেছে, বদলেছে সব জীর্ণ কায়া,
বুকের গহিনে কাটে না কেবল
একটি নামের চিরন্তন ছায়া!
--------------------------------------------------------
১১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।