জাগো রে সর্বহারা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
জাগো রে সর্বহারা
কলমেঃ মোঃআমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
জাগো রে মজুর, জাগো রে কিষাণ, জাগো রে বেকার দল!
কারখানা-কল আজিকে অচল, থমকেছে সব কল।
ঘরে ঘরে আজি ভাতের আকাল, চোখে লোনা জলধারা,
মুক্তিকামী মানুষ সব কি হারাবে দিশাহারা?
জাগো রে সর্বহারা!
কারখানা সব বন্ধ আজিকে, চিমনি ধোঁয়াহীন,
শ্রমিক-কুলি হাহাকার করে, দিন গোনে নিশিদিন।
বেতন বন্ধ, উনুন জ্বলে না, পেটে জ্বলে ক্ষুধা-আগুন,
লুটেরা সবি লুটছে এখন—গাইছে মিথ্যে ফাগুন!
রক্ত শুষে স্ফীত হয়েছে শোষক-পিশাচ যারা,
জাগো রে সর্বহারা!
মত ও পথের ভিন্নতা হেরি’ নামে কারার জুলুম,
মিথ্যে মামলা, হুলিয়া মাথায়—কেড়েছে রাতের ঘুম!
হিংসা-প্রতিহিংসার বিষে বাতাস হয়েছে ভারি,
শৃঙ্খল ভাঙো, ভয় কি মরণে? দাও হুঙ্কার ছাড়ি’।
রাজনৈতিক দাবানলে জ্বলে স্বপ্ন-শোভিত পাড়া,
জাগো রে সর্বহারা!
দ্রব্যমূল্যের আগুন চড়েছে আকাশ-ছোঁয়া আজ,
চাকরি নাই, অনিশ্চিত—কপালে চিন্তার ভাঁজ।
দুর্ভিক্ষ ওই দুয়ারে দাঁড়িয়ে হাসে অট্টহাসি,
তবু কি ভুলিবে বীরের তেজ? গলায় পরিবে ফাঁসি?
অন্ধকার এই জীবন-ব্যবস্থা কর রে বাঁধনহারা,
জাগো রে সর্বহারা!
মালিক আজি জর্জরিত, উৎপাদন সব স্তব্ধ,
অধিকারহীন প্রজার কণ্ঠে উঠুক নতুন শব্দ।
বিপ্লব হোক ঘরে ও বাইরে, দিকে দিকে তোলো রণ—
রুধিবো মোরা এই হাহাকার, দিয়া আমাদের পণ।
রক্তে রাঙা নতুন সূর্য আনবে আলোক-ধারা,
জাগো রে সর্বহারা!
জাগো রে ভাগ্যহারা!
--------------------------------------------------------
১১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।