সেই তো দুর্লভ মানুষ
- শেখ মাফিজুল ইসলাম
পৃথিবীর বুকে হেঁটে চলা এক একটি মানুষ
বিচ্ছিন্ন এক একটি দ্বীপ; সুখ-দু:খ-হাসি-কান্নায়
রূপে-রসে-রঙে-ঢঙে কত বৈচিত্র্য!
কথার মাধুর্যে, ভাবনার চাতুর্যে মগজ দৌড়ায়,
ছিঁড়ে খাই, কেড়ে খাই,আবার নিজেকে বিলিয়ে দেয় কেউ;
টিকে থাকার তীব্র প্রচেষ্টায় লড়ে যায় আজীবন।
তাদের সঙ্গে দেখা-সাক্ষাত হয়,
সামনে এসে দাড়ায়।
কেউ তোমাকে পরীক্ষা করে,
কেউ তোমাকে ব্যবহার করে,
কেউ-বা তোমাকে শিক্ষা দেয়;
চোখে জাগায় অপার বিস্ময়।
কেউ তোমাকে ভালোবাসে, কেউ তোমাকে ঘৃণা করে,
কেউ-বা নিদারুণ উপহাসে ভেঙে ফ্যালে মন,
যদিও ঘৃণার চেয়ে ভালোবাসা টেকে বহুক্ষণ।
যে মানুষটি কাছে সরে এলো, মনের মধ্যে ডুব দিলো,
ভালো জিনিষটির সন্ধান পেলো, জাগিয়ে দিলো তোমাকে,
চিনিয়ে দিলো তোমার গোপন সত্তাকে।
সেই মানুষটি সেরা মানুষ,
তার সংখ্যা খুবই নগণ্য,
সেই তো দুর্লভ মানুষ, জীবনে তোমার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।