নীতিকথা
- মারুফ আহমাদ

মাস্টারমশাই পড়াচ্ছিলেন,
বইখানা তার হাতে;
ছাত্রগুলোও শুনছিল খুব
মনোযোগের সাথে—
“সদা বলো সত্য, হইয়ো সৎ আর
গুরুজনে কোরো সম্মান;
সতীর্থে কোরো না বিবাদ,
সবাই তোরা সমান।
জাত-পাত ভেদ কোরো না কভু—
রাম কিবা রহমান,
মানুষই হলো পরম দেবতা,
তাঁর কোরো না অপমান।”

ছুটির পরে মাঠের ধারে
কতগুলো ছেলেপুলি,
বইখাতা সঙ্গে, মনের রঙ্গে
খেলছিল ডাঙ্গুলি।
মোড়লবাড়ির দুষ্টু ছেলে
যেই চালালো ডাং,
সুরত আলীর কপালে লেগে
উঠল করে টং।
কাঁদতে কাঁদতে সুরত আলী
স্যারের বাড়ি গিয়ে,
গরম গরম নালিশ দিল
কপালে হাত দিয়ে।

মাস্টার মশাইর আজ্ঞামতো
সুরত আলী গিয়ে
মোড়লপুত্র সুবল রায়কে
আনল ডেকে নিয়ে।
মশাই তখন হেসে কন,
“ওরে বাছা, শোন—
দেখেশুনে খেলিস একটু;
এই বেলা তবে যা, কেমন!”

ভ্রুকুটিয়ে সুবল রায়
চলে গেলে পরে,
সুরত আলী বলল, “স্যার,
মারলে না কেন ওরে?
সেদিন বুঝি আমার অন্যায়
ছিল এতই বেশি?
শুধু ওকে বলেছিলাম—
দিব একটা ঘুষি!
নালিশ পেয়ে তুমি তখন
কঞ্চি হাতে নিলে,
আচ্ছা করে পিটিয়ে আমার
চামড়া তুলে দিলে...”

অবাক হয়ে মাস্টারমশাই
বললেন, “সে-কি!
তুই আর মোড়লের বেটা
এক হলি নাকি?”


০৯-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৯-০৫-২০২৬ ০৯:৫৩ মিঃ

চমৎকার কাব্যশৈলী,,, খুব ভালো লাগলো


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026