অনুভূতির অরণ্যে বিষাদের রোদ
- রুবিনা মজুমদার
অনুভূতির অরণ্যে —
প্রকৃতির টানে গোধূলি সন্ধ্যায় উদাসীক্ষণে ,
ক্লান্ত পাখীরা ফিরে নীড়ে ।
নরম সবুজ ঘাসের গন্ধে ,
শীতের শিশির ফোঁটা ঝরে আপন মনে ।
অশ্রু সিক্ত নয়নে নীলিমা —
বিন্দু বিন্দু জলের ধারা ভিজিয়ে সবুজের আঁচলে ।
স্বপ্নময় নীল প্রহরে —
যেন ডানা ভাঙ্গা গাঙ্গচিলের স্বপ্নলোক সুনীল সাগরে ।
পড়ন্ত বিকেলের মায়াবী প্রহরে চিক চিক সোনা রোদ
কচি কলা পাতায় বাসন্তী রঙ্গের নকশী কাঁথা বুকের বুননে ।
ম্লান সূর্যের স্পর্শের মোহনায় ব্যথিত
গোলাপের মুখচ্ছবি অপরিসীম বেদনায় ।
বিচিত্র জীবনের ছায়াপথে হৃদয়ের হীম স্রোতধারায় ,
স্বপ্নের পাখী উড়ে মেঘের দেশে ।
মৌন পদ্মদীগির সরোবরে শুভ্র নদীর জল যায় শুকিয়ে ।
পূর্ণিমার আলো বুঝি স্পর্শের নয় ।
আসমানী নীলের আভা স্পর্শ করে ,
রাশি রাশি ধূসর মেঘ ঢেকে দেয় চাঁদ টাকে ।
জানালার পাশে কচি লেবু পাতার ঘ্রানে মনের পালক হয় আচ্ছন্ন ।
বিশ্বাসের ফুল হৃদয়ে মেখে
মেঘপরীদের ডানায় চড়ে আত্মবিশ্বাসী মনে
দু’চোখে স্বপ্ন এঁকেছিলাম তোমায় নিয়ে ।
স্বপ্নের পাখী মনের অজান্তে উড়ছিলো দূর নীলিমায় আসমানি বর্ণের চন্দ্রালোকে ,
মন ময়ূরকণ্ঠী সেজেছিলো আপন মনে ,
পেতে চেয়ে মায়ার ছায়া ।
তুমি অভিমানে ভেজালে দু’চোখ ,
রক্তাক্ত করলে মৌননদীর বুক ।
যে ইচ্ছে ঘুড়ি মনের অজান্তে নিয়ন বর্ণমালায়
শব্দহীন আসন পেতে ছিলো ,
তুমি তা ছুঁড়ে ফেলে দিলে চোরাবালিতে ।
অমাবস্যার বিষাদে সব বেদনা লুকিয়ে ,
তবুও কোলাহল পূর্ণ জীবন তরী চলছে এগিয়ে ।
পরাজিতের মতো আমার মুখের উপর এক টুকরো বিষাদের রোদ ।
তাইতো আজ আমি একাকী গন্ধ বিধুর ধূপ ,
রঙ্গিন পৃথিবীটাকে দেখি অবাক বিস্ময়ে ।
সময়ের স্রোতধারায় ,
হৃদয়ের মণিকোঠায় ,
অনুভূতির মায়াজালের অদৃশ্য সূতার বাঁধনে বাঁধলে আমায় ।
তোমার মনের অস্পষ্ট কুয়াশার ভাষা পড়বার অক্লান্ত প্রচেষ্টা ছিলো আমার ।
পলাতক সময় জীবনের জলাধারে ,
নীল ময়ুর কণ্ঠীর স্বপ্নের বাতাস ছুঁয়ে ছুঁয়ে কাঁদে ।
তবুও ক্ষীণ আশায় —-
যদি কখনো বিষন্ন প্রহরে কাঁদে তোমার মনের আকাশ …
পূর্ণিমা চাঁদের জোছনা মাখা রজনীতে
তোমার প্রতিক্ষায় ——
আমি দাঁড়িয়ে তবু ফিরে আসার পাশে ।
অরণ্যের দেশে সবুজের পাশে বিষাদের রোদ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।