দুই জননী গলা ধরে কাঁদলো
- শেখ মাফিজুল ইসলাম
আযান এবং উলুধ্বনি উঠোনের দুই প্রান্তে,
দুইটি শিশুর জন্ম হলো, পড়শি পেলো জানতে।
একটি শিশু মুসলমান আর অন্য শিশু হিন্দু
দুই জননীর চোখের পাতায় সুখের অশ্রুবিন্দু।
‘নুন আনতে পান্তা ফুরোয়’ এমন তাদের পুঁজি,
দুটি সন্তান দুটি বোঝা ঘাড়ে চাপলো বুঝি।
মুখ বাড়লে খাদ্য বাড়ে এখন করবে কী?
জন্মের আগে দুই বাবা-মা কিছুই বোঝেনি।
কচি-কাঁচা বেজায় খুশি খেলার সাথী বাড়লো
আতুর ঘরে উঁকি দিয়ে আনন্দের ডাক ছাড়লো।
দুইটি শিশু এক উঠোনে হাসছে এবং খেলছে
খেলার সাথী সঙ্গে নিয়ে মনের কথা বলছে।
ওদের খেলার দাপট দেখে দুই জননী হাসলো
‘জোড়া মানিক’ জড়িয়ে ধরে ভীষণ ভালো বাসলো।
বিদ্যা-বুদ্ধি, জ্ঞান-গরীমায় দুটি ছেলেই পোক্ত
যে যার আপন ধর্ম নিয়ে জুটিয়ে নিলো ভক্ত।
‘আল্লা বড়, না হরি বড়’- তর্কের ঝড় উঠল
সাক্ষ্য প্রমান আনতে দুজন দিক-দিগন্তে ছুটল।
এক উঠোনে তর্কযুদ্ধ যে যার যুক্তি তুলছে
কেউ মানে না কারো যুক্তি দুজন রাগে ফুলছে।
ধর্ম নিয়ে ভীষণ লড়াই বাকবিতণ্ডা তুঙ্গে
চিন্তান্বিত দুই জননী আসলো একই সঙ্গে।
‘হারবে না কেউ জিততেই হবে’ পণ করেছে শক্ত
মনের ক্ষোভে ফুসছে সবাই গরম হলো রক্ত।
ঘৃণা এবং রোষের চোটে দ্বন্দ্ব যখন বাঁধলো
দুইটি ঘরের দুই জননী গলা ধরে কাঁদলো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।