চল্ ফুটবল খেলি
- শেখ মাফিজুল ইসলাম
চল্ ফুটবল খেলি,
মাঠ হ’বে প্রশস্ত-পরিচ্ছন্ন,
সবুজ গালিচায় মোড়া।
গ্যালারীতে কোন দর্শক থাকবে না,
লাইন্সম্যান থাকবে দু’জন-
বিশ্বের সেরা সুন্দরী।
খেলা শুরু হ’লে-
একবারই রেফারীকে দেখা যাবে মাঠে,
বাঁশি বাজিয়ে উধাও হবেন তিনি।
লাল ডগমগে আলোয় খেলা শুরু হ’বে,
বলটি হ’বে দুধ সাদা রঙের;
জীব-জন্তু, পশু-পাখিতে ভ’রে থাকবে
মাঠের চারপাশ, উল্লাস করবে নিজস্ব ভাষায়।
ওরাই হ’বে দর্শক,ওরাই হ’বে বিচারক,
ওরাই গুণবে ‘ফাউল’ ‘অফসাইড’ কিম্বা ‘থ্রো-ইন’ সংখ্যা;
‘হ্যান্ডবল’ হ’লে অপরাধ বলে গণ্য হবে না।
গোল-কিপারের প্রয়োজন নেই,
মাঠের দু’ই প্রান্তে চারটি খুঁটিই যথেষ্ট।
ধাক্কা খেয়ে প’ড়ে গেলে কিম্বা রক্তপাত হ’লে
কেউ কাউকে ধরে তুলবে না, হ্যান্ডসেক করবে না,
হাত-পা-মাথার কারুকাজ প্রাধান্য পাবে বেশি।
‘হাফটাইম’ ব’লে কিছুই থাকবে না;
বেলা শেষ তো খেলা শেষ।
যে প্রথম গোল করবে, সেই হ’বে মাঠের হিরো;
সুন্দরী লাইন্সম্যানদের একজন পরিয়ে দেবে
নীল-পদ্মের মালা, অন্যজন সুগন্ধি গোলাপ
ছিঁটিয়ে ছিঁটিয়ে পৌঁছে দেবে বাসর-ঘরে।
খেলা শেষ হ’লে ফুটবলটি উঠবে নিলামে,
নিলামের দায়িত্বে থাকবে পশুদের রাজা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।