পেটবাবু বসে খান
- শেখ মাফিজুল ইসলাম
হাত-পা-মুখ ব’লে
কতো আর সইব,
পেটবাবু ব’সে খান
কার কাছে কইব?
অভিযোগ অনুযোগ
দিনদিন বাড়ছে
হা-হুতাশ বুক ভরা
নিঃশ্বাস ছাড়ছে।
পা বলে–ছুটছি
চোখ বলে-দেখছি,
হাত বলে খাদ্যটা
মুখে পুরে দিচ্ছি।
জিব বলে স্বাদ কতো
চেখে আমি দেখছি,
পেটবাবু কতো খান
লিখে আমি রাখছি।
ভাব দেখে মনে হয়
নেই তার চিন্তা
হেসে হেসে নেচে যান
তা ধিন ধিনতা।
সইব না সইব না
প্রতিবাদ উঠল,
বাদশা যে মস্তক
তার কাছে ছুটল।
বাদশার কথা মতো
ডেকে দিল হরতাল
চব্বিশ ঘন্টায়
বেধে গ্যাল গোলমাল।
সময় যে পার হয়
বেজে ওঠে ঘন্টা,
ছটফট করে দেহ
কেঁদে ওঠে মনটা।
চোখ দু’টি ফোটে না
দুটি-পাও ওঠে না
হাত বলে-অসাড়-যে
শক্ত যে জোটে না।
পেট হাসে খিলখিল
হয় নাকো শব্দ,
হরতাল কারীরাই
হয়ে গ্যাল জব্দ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।