লিখতে পার
- শেখ মাফিজুল ইসলাম
তুমি, তুমি
ইচ্ছা হ’লে
লিখতে পার-
শুকনো নদীর মর্মব্যথা;
লিখতে পার-
পাড় ভাঙা গান,
চাষির বুকের ব্যাকুলতা।
লিখতে পার-
নদীর বুকে
জোয়ার দেখে
কোন মাঝি সংসারী হ’লো;
ভিটে-মাটি চাষের জমি
রাক্ষসী ঢেউ ক্যানো খেলো।
লিখতে পার-
ভুক্তভোগীর মনের ব্যথা,
কোন রমনী উধাও হ’লো
তার জীবনের ইতিকথা।
জাগলো যে-চর নদীর বুকে,
চকা-চখির মেলা দেখে
উল্লাসে কে হাত তালি দেয়,
কোন শিশু-বা ঝিনুক কুড়ায়
ভোরের রোদে ছুটে বেড়ায়
বেলাভূমি ভালোবাসে।
লিখতে পার-
সব হারানোর কষ্ট নিয়ে
যে মানুষটি গল্প শোনায়,
নিখোঁজ হলো কতো মানুষ
ডুবল কতো টাকার দেনায়।
মহাজনের পাতা ফাঁদে
পড়ল ধরা কতো নারী,
গোপন ব্যথা ডুকরে কাঁদে
উঠলো কতো আহাজারি।
ইচ্ছা হ’লে
লিখতে পার-
চর দখলের তুমুল লড়াই,
রক্ত নিয়ে হলি খেলা
আদি- অন্ত কোথায় গড়াই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।