তবু চলি একা
- শেখ মাফিজুল ইসলাম
বহু মানুষের ভিড়ে চলি একা,
চলতে চলতে পথে
আমার সঙ্গে আমার বহুবার হয় দেখা।
চিনিনা আমাকে,
অচেনা মুখোশ আমার দিকে চেয়ে থাকে।
চিন্তার হিজিবিজি উষ্ণ ক’রে স্নায়ু কোষ
বলিনা আমি, আমি নির্দোষ;
কেউ বুকে টানে আশ্বাসে
কেউ উপহাসে ফিরিয়ে নেয় মুখ।
যখন ঘৃণার পাত্র হই
সারারাত জেগে রই
চোখের জলে বুক ভাসে।
নির্জনে বসি, হাতের তালুতে রাখি মুখ
লাল-নীল-সাদা--- যত সুখ
আমাকেই ক’রে উন্মোন।
কপালের ভাঁজ, দেহের কারুকাজ
বিষ্ময় জাগায় চোখে;
অধরা স্বপ্ন ফিরে আসে
অধরা নারী ফিরে আসে
কেঁদে হেসে চোখ জুড়ে ক’রে বসবাস।
নারীর মধ্যে আমি
আমার মধ্যে নারী
কতবার জিতি
কতবার হারি,
আমি ছাড়া জানে না অন্য লোক;
পাওয়ার আনন্দ, পেয়ে হারানোর শোক
বুক পেতে নিই।
আমার মধ্যে আমি, নিদারুন বসবাস
আমার মধ্যে আমি শত্রু যে বারমাস।
বিগত দিন, বিগত ঋণ, কল্প-কাহিনী যতো
শশ্মান- কবর- সমাধিতে এসে
বৃথা কাঁদে অবিরত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।