বৃষ্টি আসে যদি
- শেখ মাফিজুল ইসলাম
বৃষ্টি পড়ে টাপুর টুপুর পড়ুক;
ঝোড়ো হাওয়ায় উড়ছে যে মেঘ
উড়ুক;
ভিজবে নাকি ডাকছে দেয়া ওই
চলো দু’জন ঝড়ের সাথী হই।
# # #
ছাদে গিয়ে চুল শুকিয়ে এসো
মিষ্টি ক’রে আমার জন্যে হেসো।
দুষ্টুমিতে ভরবে দু’চোখ জানি
ময়ূর হ’য়ে মেলবে পেখম খানি।
রোদ ঝলমল দিনের হোল শুরু
থামলো ক্যান মেঘের গুরুগুরু।
কদম ফুলে রোদ যে লেগে আছে
মৌসুমী মন ছুটবে মেঘের কাছে।
সামনে দ্যাখো টইটুম্বর নদী
কাটবে সাঁতার? ইচ্ছা জাগে যদি,
চলো দু’জন পানসি ভাসাই আবার,
সময় এখন হৃদয় খুলে দেবার।
ভিজবো দু’জন আকাশ মাতাল হ’লে
ভিজবো দু’জন বৃষ্টি আসে যদি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।