বাবা যখন তোমায় মনে পড়ে
- রুবিনা মজুমদার
গ্রীষ্ম , বর্ষা , শীত , হেমন্তে
প্রভাত ফেরীর সিগ্ধ ভোরে ,
শুকনো পাতার ধ্বনি গুলো মর্মরে -
সবুজ দিগন্ত , পাহাড় , সমুদ্র সৈকতে ,
গভীর রজনীর গভীর ঘুমে , কিংবা নির্ঘুমে
শ্রাবণের বৃষ্টিতে সুর তুলে ----
সত্যি বলছি বিশ্বাস করো ----
একটুও তো নয় মিছে
আমার বাবাটা ঘুমিয়ে আছে
ভিজা কিংবা শুকনা ---
স্যাঁতস্যাঁতে মাটির নিচে ...।
চৈত্রের রোদেলা অলস দুপুরে
জোছনামাখা ঘুমে সিক্ত রাতের প্রহরে
বাবা আর আসেনা স্বপ্নতে
হয়না কথা আর টেলিফোনে --
শুধু রয়েছে ছেলেবেলার ---
স্মৃতির রোমন্থনে ।
ল্যাম্পোটের ঐ হলুদ আলোতে
ক্ষীণ তবু জোছনার প্রাচুর্যে ---
টানাটানির এই সংসারে -
ভুলো এ মনও শুধু ভুল করে
অঝোর ধারায় দু'চোখে ---
তবুও যে বৃষ্টি ঝরে ---- বাবা
যখন তোমায় মনে পড়ে ।
বুকের ভিতর ভাঙ্গে সাঁকো
জ্বলে/ পুড়ে যখন হৃদয় ঘরবাড়ি ,
ধূসর মেঘে উদাস পথে
শৈশবের ছায়ায় রোদ্দুর দেই পাড়ি ।
নীল নীল জোছনাতে চোখের জলে
কম্পিত তোমার স্মৃতির ছবি -----
হারানো দিনগুলো যখন ভাবি ---
হৃদয়ের জমিন হু হু করে কাঁদে
তোমার স্মৃতির বিষাদ গীতি বাবা
যখন তোমায় মনে পড়ে ।।
কোলাহলপূর্ণ ব্যস্ত এই শহরে
যখন থাকি একলা ঘরে ----
রোদ্র উজ্জ্বল দিনগুলি
সময়ের কাছে হয় ফিকে --- ।
তবুও তোমার স্মৃতি সুবাস ছড়ায় -
আমার সুরভিত বিষাদ চরাচরে ---- বাবা
যখন তোমায় মনে পড়ে ...।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।