বৃক্ষ-মাতার বিলাপ
- শেখ মাফিজুল ইসলাম
ফল পাকার সময় তো দিলে না তোমরা
আগেই ছিঁড়ে নিলে ফল; বৃন্তচ্যুত বোটা
সেতো কাঁদবেই,
কোন আশ্বাসে বৃক্ষ-মাতা বুক বাঁধবে।
শরৎ এলেই বুকের কাঁপন
হেমন্ত শীতে খ’সে পড়ে পাতা;
শব্দ হয় টুপটাপ,
শুকনো ডালে পাখির বাসা
বৃক্ষ-মাতা চুপচাপ।
নিয়তিকে চিনতে চিনতে
বড় হয়েছে বৃ্ক্ষ-মাতা;
ফাগুন এলেই মুকুল ধরবে
ভ্রমরের গুঞ্জনে ব্যাকুল হ’বে
ভ্রমর জানে তার বিরহব্যথা।
সুন্দরের আরাধনায় নুয়ে পড়বে শাখা,
প্রজাপতি গায়ে বসে মেলবে তার পাখা।
রৌদ্র তাপ ঝড় বৃষ্টি শিলা
গাছুড়ের হাতে শানিত করাত,
বজ্র-বিদ্যুৎ অকষ্মাত
বৃক্ষ-মাতার বুকে তুফান তোলে।
কোন এক সময়
ভয় ভীতি সংশয়,
বৃক্ষ-মাতা ভুলে যায়, ভুলে যেতে হয়
আজন্ম লালিত বৃক্ষের পরিচয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।