বিরক্তিকর বৃষ্টি
- শেখ মাফিজুল ইসলাম
চিক চিকে রোদ নদীর বুকে
নৌকা ঘাটে থামলো,
যেই না ঘাটে পা রেখেছি
হঠাৎ বৃষ্টি নামলো।
নীল আকাশে মেঘের গাভী
ইচ্ছা খুশি চরছে,
দৃষ্টি গ্যাল নদীর ওপার
সেথায় বৃষ্টি ঝরছে।
মানুষ ছোটে, পশুও ছোটে
রোদও ছোটে পিছে,
তুমি আমি দাঁড়িয়ে ছিলাম
তমাল গাছের নিচে।
রোদ উঠলো ফিনকি দিয়ে
বিকেল এসে নামলো,
ইন্দ্রধনু পূব আকাশে
আবার বৃষ্টি থামলো;
মেঘ-রোদ্দুর খেলা তখন
দূর নীলিমায় জমলো।
ঝিরঝিরে যে হাওয়ার প্রলাপ
কচি পাতার গন্ধ,
নদীর ধারে
কাশের বনে মৃদু-মন্দ ছন্দ।
তুমি বললে- শরৎ নাকি!
মনে দিচ্ছে দোলা,
নীল আকাশে সূর্য হাসে
এতোটা প্রাণ খোলা!
গল্পে গল্পে দু’জন মিলে
কাটলো সারা বেলা।
চুল ভিজলো, মুখ ভিজলো
ভিজলো গায়ের শাড়ি,
বিরক্তিকর- বললে তুমি
বৃষ্টির বাড়াবাড়ি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।