মধ্যরাতের অশ্বারোহী
- শেখ মাফিজুল ইসলাম
উদাস মনে দাঁড়িয়ে একা
দু’চোখ মেলে খুঁজছো কাকে,
মধ্যরাতের অশ্বারোহী
গোলাপ হাতে দাঁড়িয়ে থাকে।
ঝোড় হাওয়ায় ছুটছো কোথায়?
নদীর বাঁকে, পাহাড়তলি
শহর কিম্বা শহরতলি
অচেনা পথ পথের গলি,
জনারণ্যে চোরাবালি,
ফাঁদটি পাতা তোমায় ডাকে।
ছুটছো যখন উদাস মনে
কাছের মানুষ, দূরের মানুষ
হাওয়ার বেগে সে কাহিনী
কানটি পেতে সবাই শোনে।
ছোটার কারণ, ছোটার সাহস
ছোটা ছুটির ব্যর্থ প্রয়াস
হাওয়ার বেগে চলতে থাকে;
বলতে থাকে, লিখতে থাকে।
কেউ বা আবার হাততালি দেয়
করুণ সুরে বেহাগ বাজায়,
তোমার ছোটার দৃশ্য দেখে
ইচ্ছা মতো গল্প সাজায়।
থামবে কোথায়, চিনবে কাকে,
মধ্যরাতের অশ্বারোহী
মনের মধ্যে লুকিয়ে থাকে;
রং করা মুখ মুখোশধারী
নির্দয় এবং অত্যাচারী
দিনের আলোয়, চাঁদের আলোয়
অবাক চোখে তোমায় দ্যাখে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।