বেকার
- শেখ মাফিজুল ইসলাম
জুতোর সুখতলা জানে
ক্যান এতো দৌড়-ঝাঁপ;
অফিস পাড়ায় কে-যে
কলকাঠি নাড়ে,
ঝুলন্ত তালায় থাকে
কার অভিশাপ।
সফল বন্ধুর হাসি
দূরন্ত পথ চলা,
গ্রেডের খবর
আত্মগৌরবী কথা বলা,
সুন্দরী নারীর গল্প, জপোমালা।
তীক্ষ্ণ ফলা হ’য়ে বিদ্ধ ক’রে
বেকারের বুক;
উড়ন্ত কর্পূরের মতো
উড়ে যায় সুখ।
কলম-বই-খাতা
ডাইরির পাতা,
শিখে নেয়া তথ্য-উপাত্ত,
ভাইভা-ভোসির চিঠি?
বেড়ে যায় গুরুত্ব।
প্রশ্নের মার-প্যাঁচ,
ঘুরিয়ে কথা বলা,
টাকার খেলা, উপঢৌকন,
তদবির কিম্বা জোরাল ফোন;
স্বজনের চিঠি, মামার জোর,
কার চোখে ডেকে আনে
স্বপ্নের ভোর, বোঝা দায়।
অসহায় সনদ পত্রগুলো
গায়ে মাখে মলিন ধুলো,
বয়স বাড়তে থাকে, তবু
স্বপ্ন ওড়ে ঝাঁকে ঝাঁকে।
নিদারুণ চিৎকারে ব’লে ওঠে;
চাকরি চাই, চাকরি চাই,
গগন ফাটায়;
দূরন্ত শ্লোগানে
দিক্ দিগন্তে ছোটে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।