স্মৃতির পাতা
- শেখ মাফিজুল ইসলাম
রক্তের রং হারিয়ে গ্যাছে জলে
মনে পড়ে দেহে গভীর ক্ষত;
কংক্রিটের নিচে কিম্বা মাঠে
ভেসে চলা অজস্র লাশ ঘাটে,
স্মৃতির পাতায় জ্বলছে অবিরত।
মাছি ভনভন লুকানো যে দেহ
পঁচা-গলা বিকৃত যে লাশ
হাড়গোড় তার শিয়াল শকুন খায়,
স্মৃতির পাতায় করছে বসবাস।
গুলি-বিদ্ধ খুলি কিম্বা পাঁজড়
জিব বেরোন কালসিটে দাগ গলে,
পিঠমোড়া হাত দড়ির বন্ধন অটুট
শক্ত করে বাঁধা চোখের কোটর,
বনের মধ্যে গাছের ডালে ঝোলে,
এক ফোঁটা জল পায়নি তারা ঠোঁটে,
স্মৃতির পাতায় আজও ভেসে ওঠে।
নাম- না জানা যারা নিখোঁজ হোল
দেশ স্বাধীনের খবর পেলো নাকো
সোনার বাংলায় পতাকা উড্ডীন
অমর আত্মা তোমরা চেয়ে দ্যাখো।
বেইজ্জতি দেহের মাংস পিণ্ড
লজ্জা ঢাকা আপ্রাণ যে চেষ্টা;
হাড়-হাড্ডি জয়নুলের যে ছবি
মনে পড়ে কালো থাবার দেশটা।
রক্তে ভেজা হাতের তালু জানে
বুদ্ধি মত্তার কাজ ছিল কোন প্রাণে,
গগন ভেদী তীব্র আর্তনাদ
পাত্তা দেয়নি মোটেও সে জল্লাদ।
যে মাটিতে ষড়যন্ত্রের ঘাঁটি
হাওয়ায় ভেসে গ্যাছে অট্টহাসি
যে মাটিতে হেসে আত্মহারা
তাদের গলে ঝুলছে দড়ির ফাঁসি।
সূর্য ওঠে সূর্য অস্ত যায়
অন্ধকারে আলোর ঝর্ণা বয়,
আত্মত্যাগের মহিমা জেগে থাকে
রক্তের দান বৃথা হবার নয়।
তাং ১৫।১২।১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।