রঙ বাহারী শীত
- শেখ মাফিজুল ইসলাম
লেপের নিচে গরম কাল
বাইরে এখন শীত,
দোয়েল কোয়েল ভুলেই গ্যাছে
মন ভুলানো গীত।
গাছের পাতা কাঁদছে এখন
টিনের চালও কাঁদে,
হা করলেই সাদা ধোঁয়া
পেটে বসে কে রাঁধে?
চোখ মুখ ঠোঁট শুষ্ক এখন
শীতের কামড় বসছে,
হলুদ পাতার দুঃখ ভীষণ
একে একে খসছে।
উত্তরের যে হিমেল হাওয়া
ইচ্ছা খুশি বইছে
শীত-কাঁপনে জড়োসড়ো
পশু-পাখিও সইছে।
সূর্যের মুখ বিষাদ মাখা
খুব দেরীতে উঠছে
সর্ষে ফুলে মৌ-মাছিরা
শিশির মেখে ছুটছে।
শাক-সব্জি টাটকা মেলে
খাওয়ার মজা বেশ তো
রং বাহারী পোশাক গায়ে
আনন্দের নেই শেষ তো।
পার্ক এবং পর্যটনে
পড়বে ভীষণ ধুম
গাড়ির ভেতর খাওয়া দাওয়া
গাড়ির ছিটেই ঘুম।
খাদ্য খাবার নষ্ট হয় না
গিন্নীর মন নাচে
শীত কাল তো নিজেই ফ্রিজ
সময় বহু বাচে।
ঘন কুঁয়াশা রাস্তা জুড়ে
মনে হয় গাঢ় রাত,
ফেরী পারাপার শুরু হ'লেই
বুক কাঁপে নির্ঘাত।
হাচিঁ কাশি জ্বর হাঁপানী
রোগীর বুকে কষ্ট,
হাস পাতালের সাদা বেডে
দৃশ্য ফোটে পষ্ট।
গরম কাপড় নেইকো যাদের
চাল-চুলো নেই মোটে
ঠকঠক ক'রে শীতে কাঁপে
করুণ দৃশ্য ফোটে।
পূজা-পাবন পিঠা পায়েস
সে উৎসবও মিলবে
শীতের প্রকোপ হোক না যতই
জীবন ধারা চলবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।