তাঁর সন্ধ্যা হয়
- Nil Roy
মাটিতে মাঘের আঁখি−
কয়েক ফোঁটা পৌষী কাজল ছিল
রূপালী নদীর পাড়ে।
সোনালী পরাগ ছিল বিকালের গোলাপী চোখে−
এসব কুড়াতে গিয়েই তাঁর সন্ধ্যা হয়।
স্নিগ্ধ রাত গুলোর হাসিতে জোস্নার নবীন গল্প ছিল
ফুলের কমনীয়তায় অলির অনুরণন−
আর মাঠের পারে কুহেলী পাখির বসত ছিল,
এসব কুড়াতে গিয়েই তাঁর সন্ধ্যা হয়।
নদীর পললে মাছের শৈশব ঝরে গিয়েছিল
সরল চোখে তাকিয়ে ছিল ভোরের আশ্বিন,
সবুজ পাতার হাসি ছিল গোলাপের বনে−
এসব কুড়াতে গিয়েই তাঁর সন্ধ্যা হয়।
কবির চোখে রাত জেগেছিল রজনী নামে,
শিশির গুলি শিশু থেকে ধীরে কিশোরী হল−
অনাথের কান্নাগুলো নীল জলে ছুঁয়ে গেল মাটি মার পা,
আর হাত গড়িয়ে মাটিতেই পড়ে গেল সোনার মনুষ্যত্বটুকু−
এসব কুড়াতে গিয়েই তাঁর সন্ধ্যা হয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।