একটি একাকী সন্ধ্যা
- Nil Roy

সুবর্ণ সন্ধ্যা, বালিকা বিকাল হাতে ধ’রে
চলে গেছে−নীল নদী পথে,
মাটির রথে নেই আর স্নিগ্ধ রাখাল।
এক নদী পললে ভেসে গেছে দু’টি কালো চোখ
জোনাকীর অভিমান ছিল যে চোখে−
আজ তাকে নিষিদ্ধ রাত্রি জানি।

অথচ শ্রাবণের মেঘ-জলে
একদিন সে নিটোল আউশ বুনেছিল এখানে
এই সুহৃদয় মাঠে।
এই আঙুলে করেছিল রাত্রি যাপন।
নগর ঠেলে দূরে খানিকটা দূরে
মাঠের মত খানিকটা মাঠ দেখি
নদীর মত কিছুটা সুনয়না নীল−
শুধু সুবর্ণ সন্ধ্যা, বালিকা বিকাল দেখি না।

দূর আকাশে কখনো দেখি নত্র পাড়ি দিয়ে
ব্যথিত পালকের একটি একাকী ডানায়
উড়ে চলে একটি একাকী সন্ধ্যা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।