মোহনায় ফেলে যাওয়া চোখের জল
- Nil Roy

কবিতা-কুমকুমে রাঙানো ছিল যার সরল আঁখি;
দু’টি সোনালী বাহু−চলে গেছে সে।
দত্তক দিয়ে গেছে রাঙা বিরহ−দুঃখ তাই আজীবন পাঁজরে পুষি।
আর নিয়ে গেছে কোলে করে আমারই পরাণ ;
স্বর্ণালী সাঁঝের আঁচল−গোধূলির প্রেয়সী পাখি।

জন্ম-জন্মান্তর মেখে নেমে আসা ব্যথাতুর নীল−
চোখের কাজলেই কি সহজে মুছে ফেলা যায় !
নৃত্যের মত একান্ত নরমে তাই ভেঙে গেছে আমার সংসার ;
পদ্ম-পাতার মত চোখ মুছে নেমে গেছে নির্মম-সংসারি-জল।

রঙীন পালকে লেগে থাকা এক ফোঁটা চন্দনা ভোর ;
ফুলের চেয়েও অধিক সুগন্ধী সাদা কিশোরী ; আজ তাই
‘ছড়ানো চুলের মত’−নষ্ট অন্ধকারে জমানো কষ্ট মনে হয়।

তাই মোহনায় ফেলে যাই চোখের জল
কালের পথিক কখনই তা পড়বে না জানি,
দুঃখ কি সত্যিই পরশ পাথরেরই নাম !
নাকি জীবন-জড়ানো ব্যথিত পলিমাখা একখানি ভুঁই !
নাকি চোখ থেকে নেমে আসা ফোঁটা ফোঁটা
দুখিনী স্বর্ণ-রেণু−
মায়াবী আঙুলে কেটে কত কাল আর তা তুলব
অকৃপণ দগ্ধ দু’হাতে !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।