স্বাধীনতার ইতিকথা
- শরিফুল ইসলাম
স্বাধীনতা! তুমি কি শুধুই বাংলার বুকে উড়ানো
লাল-সবুজের একটি পতাকা?
নাকি পরাধীনতার শৃঙ্খল ভেঙে
বাঙালি মুক্তির পূর্ব দিগন্তে উদিত চির ভাস্বর সূর্য।
স্বাধীনতা! তুমি কি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সেই গৌরব,
অহঙ্কারের দৃপ্ত শপথের দিন?
নাকি এক সাগর রক্তের বিনিময়ে
স্বাধীনতা অর্জন ও তার চূড়ান্ত পরিণতি।
স্বাধীনতা! তুমি কি পঁচা ডোবার গলিত লাশের গন্ধ,
ভীতবিহ্বল মানুষের লাশপোড়া ভোর?
নাকি বীর দর্পে জেগে ওঠা
কবি কাজী নজরুলের প্রতিবাদি “বিদ্রোহী” কবিতা।
স্বাধীনতা! তুমি কি মনের আকাশে
কুণ্ডলী পাকিয়ে উঠা কালো ধোঁয়া,
নিরীহ লোকের অকারণে প্রাণদন্ড?
নাকি শহীদ বেদিতে পুষ্পের প্রদীপ শিখার আলোয় দীপ্ত।
স্বাধীনতা! তুমি কি শুধু গল্প নাটক উপন্যাস আর কবিতা
বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার?
নাকি চোখের নোনা জল মুছে
বুকে আগুন জ্বলে উঠা মুক্তিকামী
মানুষের চোখে গড়া প্রতিবাদ।
স্বাধীনতা! তুমি কি কাম লালসায় জর্জরিত
মায়ের জ্বলন্ত শাড়ি,
কিশোরী খুকুর ফ্রক,
অবলার সম্ভ্রম হানীর বীভৎস চিৎকার,
অর্থের লোভে বিবেক বিসর্জন?
নাকি ঘোরতর অমানিশা ভেদ করে
অস্তিত্ব রক্ষায় এক সাগর রক্তের
বিনিময়ে অর্জিত মহার্ঘ বিজয়।
স্বাধীনতা! তুমি কি সন্তান হারা
দুখিনী মায়ের বুক ফাঁটা আর্তনাদ,
রক্তে ভেজা জরা-জীর্ণ বস্ত্র,
ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?
নাকি স্বাধীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে
গণতন্ত্রের অধিকারে গর্জে উঠা ন্যায়াস্ত্রের গর্জন।
স্বাধীনতা! তুমি কি আজ বন্দি,
সন্ত্রাসীর মারণাস্ত্রের গর্জনে,
ক্ষমতা ধারির ক্ষমতায় স্তব্ধ করা বন্দুকে?
নাকি তোমাকে হরণ করেছে
বর্গী, ইংরেজ আর হানাদার,
তবে কেন শান্তির শীতল ভূমে শাহারার হাহাকার?
তবে কি লাখো শহীদের তাজা রক্ত,
লাখ মায়ের সম্মান যাবে বৃথা?
নাকি এই বাংলা ভুলে যাবে স্বাধীনতার ইতিকথা......???
৩০।১১।২০১৭ গাজীপুর
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।