কথা দাও সূর্য
- শেখ মাফিজুল ইসলাম
সূর্য ডিক্রী জারি করো তুমি আমার
তোমার বিকীর্ণ আলোক বর্ষের
প্রতি ইউনিট বেচে বেচে আমি ধনী হবো।
অনেকের শস্যক্ষেত্র পণ্ড করেছি
অনেকের বাড়াভাতে দিয়েছি ছাই
তবু আমার পকেটে একটি পয়সাও নাই।
গলা ধাক্কায় সিদ্ধ হস্ত
মানুষের পাশে দাঁড়িয়েছি;
পকেট কাটায় সিদ্ধ হস্ত
মানুষের কাছে হাত পেতেছি;
পুকুর চুরির সাক্ষী হয়েছি বহুবার;
তাদের মানিব্যাগ লম্বা হ’তে হ’তে
কখনো আমার হাত অব্দি পৌঁছায়নি;
কয়েনের ঝংকার শুনেছি টাকশালে
ঘুমের ঘোরে;
সদ্য ছাপানো টাকার গন্ধ পাইনি
কোন কালে।
হৃৎপিণ্ডে ফেরা তীব্র গতির রক্তস্রোত
রোমকূপ নিঃসৃত গরম ঘাম
কষ্টে নুয়ে পড়া দেহের নিঃশ্বাসের মূল্য
কেউ কোনদিন সঠিকভাবে পরিশোধ করেনি।
তাই তোমার কাছে নতজানু হ’য়েছি সূর্য
দিগ্বিদিক ভাসানো তপ্ত আলো চাই;
প্রতি ইউনিট বেচেবেচে আমি ধনী হবো
ধন্য হবো, গণ্য হবো, বরেণ্য হবো
কথা দাও সূর্য।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।