তুমি সুখি, না আমি সুখি
- শেখ মাফিজুল ইসলাম
খরস্রোতা নদীর পাড়ে এসে
দাঁড়াও তো দেখি
তোমার বুক কাঁপে কি না;
স্রোতধারায় লেখা আছে- জীবন
তোমার আমার ঠিকানা
সুউচ্চ পাহাড় চূড়ায় এসে
দাঁড়াও তো দেখি
তোমার পা টলে কিনা;
গিরীখাদের ধূসর আস্তরণে
লুকিয়ে আছে- মরণ
তোমার আমার ঠিকানা
নীল সমুদ্রের ফেনিল উচ্ছ্বাসে
পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকো, দেখি
চোখের কিনার বেয়ে অশ্রু ঝরে কিনা;
আবেগ মথিত দর্পণ ওখানে
তোমার আমার ঠিকানা
ফটিকজল পাখির আর্তনাদের সুর শুনে
ফাঁকা মাঠে চিৎ হ’য়ে শুয়ে
আকাশ দেখেছো কখনো!
মেঘের আড়ালে দেখেছ কি
বিমর্ষ চাঁদের উঁকিঝুকি !
চলো নিজেদের কাছে ফিরে আসি
প্রশ্ন করি চেতনার কাছে-
তুমি সুখি, না আমি সুখি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।