*তুমি ও আমি*
- আবু জাফর বিশ্বাস
তুমি যদি সাগর হও আমি হবো নদী,
চৈত্রের খরায় স্রোত ধারায়, বইবো নিরবধি।
তুমি যদি পাহাড় হও আমি তার ঝর্ণা,
দুঃখ ধুয়ে মুছে দেবো আনবো সুখের বন্যা।
তুমি যদি আকাশ হও আমি তার নীল,
যেন, অঙ্গাঙ্গি চির সঙ্গী মোদের অনন্ত মিল।
তুমি যদি মেঘ হও আমি হবো বৃষ্টি,
অঝর ধারায় ঝরবো ধরায় হবে সুরের সৃষ্টি।
তুমি যদি ঝিল হও আমি ফোটা পদ্ম,
মোদের নিয়ে ছন্দ দিয়ে লিখবে কত পদ্য।
তুমি যদি গান হও আমি হবো সুর,
পাখির গান নদীর কলতান যেমন সুমধুর।
তুমি যদি চন্দ্র হও আমি হবো তারা,
আমায় দেখে জোছনা মেখে আঁধার দিশেহারা।
তুমি যদি রাত্রি হও আমি হবো স্বপ্ন,
মনের আশা বাঁধবে বাসা করবে তারে যত্ন।
তুমি যদি ফাগুন হও আমি হবো ফুল,
বসন্তের রঙ কুসুম কানন দেখতে যে অতুল।
তুমি যদি ফুল হও আমি তার সুবাস,
তুমি আমি মিলে-মিশে গড়বো সুখের নিবাস।
তুমি যদি ঢেউ হও আমি নদীর কূল,
আমার ঘাটে আসবে ছুটে করবে নাতো ভুল।
তোমার আমার গল্প কেমন অন্তমিল,
দুইটি জীবন ফুলের মতন, আনন্দ অনাবিল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।