সঙ্গে থাকো, থেকে যাও
- শেখ মাফিজুল ইসলাম
বৃষ্টির তড়া খেয়ে, গা-গতরে সুখ মেখে
ফিরেছি বাসায়; আশায় আশায় তোমার
বোনা স্বপ্নে রাত গ্যাছে, দিন গ্যাছে;
কখনোবা নিদারুণ উচ্ছ্বাসে বন্ধুর ছায়া এসে
দাঁড়িয়েছে দু’জনের মাঝে; তবু কথা ও কাজে
অকেজো হয়নি সম্পর্কের গভীরতা;
নিরবতা ভেঙে কয়নি কথা ঝুট-ঝামেলার মানুষ।
বেহুঁশ চেতনায় রোদ এসে মিস্টি হেসে, বাড়িয়েছে হাত
‘বাজিমাত’ বলে আমি হেসেছি, ভালোবেসেছি;
বনসাই গাছের কথা মনে প’ড়ে! রোদে ও ঝড়ে
ফুল দেবে, ফল দেবে, ছায়া দেবে-এ নিবিড় আশ্বাসে
রাখাছিল পশ্চিমের বারান্দায়; অবেলায় এক অন্ধ-সুন্দরী
স্পর্শ ক’রে বলেছিল- যদি পেতাম এমন মনের মানুষ
আকাশে বাতাসে উড়িয়ে সুখের ফানুষ,
আমি ঘরনী হতাম,যেতাম চলে.....।
তার সুখ আমাদের সুখ মিলে-মিশে
একাকার; বহুবার বাড়ীর সামনে সরু খাল এতকাল
পাহারা দিয়েছি আমি;
চল নামি সূর্যাস্ত দেখে আসি; এর পর অন্ধকারে খুঁজে
পাবেনাকো দু’পারের সাঁকো; নক্ষত্র এসে করুণ হেসে
বলবে- ‘আমাদের সঙ্গে থাকো, থেকে যাও’।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।