শেষ বিকেলে
- শেখ মাফিজুল ইসলাম
শেষ বিকেলে বয়েস বিকেল
কাঁপছে হলুদ পাতার মতো;
রঙ বে-রঙের সেকেলে দিন
ঝরছে বৃষ্টি ধারার মতো।
উষ্ণ দেহ, শীতল দেহ
বয়স্কদের প্রীতি- স্নেহ মিশতো এসে
কিশোর বেলা, করতো খেলা বৃষ্টি মুখর
ফাঁকা মাঠে; পাখির বাচ্চা পাড়তে গিয়ে
ধমক খেয়ে মুরুব্বিদের নাস্তানাবুদ;
বোশেখ মাসে আম কুড়োনো ধুম ঠেকাতে
আসতো না কেউ লাঠি হাতে আম তলাতে।
ডাংগুলি আর লাঠি খেলায় পারদর্শী যারাই ছিল
তারাই এখন পুরনো দিনের স্মৃতির পাতায়
শুকছে ধুলো; সঙ্গীগুলো কেউবা এখন পরপারে
কেউবা এখন শয্যাশায়ী নিজের ঘরে।
কেউ-বা আবার ব্যাঙ্কব্যালাঞ্চে শূন্য কোঠায়
নিজের ঘরেই বন্দীজীবন, জীবনসাথী তথৈবচ।
একলা হাতে ধান বুনেছি, পাট কেটেছি
নিজের হাতে, বাবার চক্ষু এড়িয়ে গিয়ে
যাত্রা দলের গান শুনেছি গভীর রাতে।
ক্লান্তিগুলো মধুর হতো নব বধুর পানের খিলে
পানের রসে ঠোঁট রাঙিয়ে বলতো হেসে-
‘জানতে আমার নেইকো বাকি বিয়ের আগে
ক্যামন ছিলে’-----।
বয়েস বিকেল গড়িয়ে যাবে সন্ধ্যা হবে
অস্ত যাবে ইচ্ছামতো,ডাকবে না কেউ
আগের মতো ঘুচিয়ে দিতে হৃদয়-ক্ষত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।