সব তোমাকে ঘিরে
- শেখ মাফিজুল ইসলাম
আতুর ঘর ছেড়ে তুমি বেডরুমে ঢুকলে। এক ফালি কাঁচা রোদ
হুমড়ি খেয়ে পড়লো তোমার মুখের ওপর; গ্রীষ্ম বর্ষা শীতে
বাবা-মার দূরন্ত ছোটাছুটি, যম-মানুষে টানাটানি।
কে জিতলো কে হারলো সময় তা ভালো জানে।
দুরুদুরু বুকে স্কুলে পা-রাখা প্রথম দিন; মায়ের কৌতুহলী চোখ
তোমাকে ঘিরে। ‘আদাজল খেয়ে লেগে যাও, ফাস্ট হতে হবে’
উৎসাহব্যঞ্জক আদুরে হাতের ছোঁয়া মাথায়-পিঠে;
এরপর স্কুল-কলেজ, টিফিন-নাস্তা, প্রাইভেট, খেলা-ধূলা,
গান-বাজনা-নাটক-সিনেমা; আড্ডা, বকাঝকা, খুনসুটি,
ইয়ার-দোস্ত; মোবাইলে আলাপন। বছর এগোই ব্যস্ততার ঢেউ
আছড়ে পড়ে তোমার চোখেমুখে। বিষ্ময়-বিষাদ, হোঁচট খাওয়া,
হতবাক দৃশান্তরে ছুটে যাওয়া। যানজট, অবরোধ, হরতাল,
মিছিল-মিটিং, বোম ফাটা, ককটেল ফাটা, গুলির শব্দ,
টিয়ার গ্যাস চোখে নিয়ে বাড়ি ফেরা। উৎকন্ঠায় আপনজন
‘সে বাড়ি ফিরবে তো’!
সমুদ্র সৈকতে সূর্যডোবার মুহূর্ত, ভ্রমণ, হোটেলে রুম ভাড়া,
বন্ধু-বান্ধবীর সতর্কদৃষ্টি, প্রেম ও প্রেমহীনতায় বসবাস।
পেশায় ঢুকে যাওয়া অথবা চেষ্টা চালিয়ে যাওয়া;
কথা দেয়া মেয়েটির জন্য মাথার ওপর এক টুকরো ছাউনি।
তোমার পদচারণায় মুখর মন্দির মসজিদ গীর্জা প্যাগোডা,
তারপর হেঁটে হেঁটে অবনত মস্তকে সমাধি দেখে আসা;
যে-মনুষটি এখন আর নেই; সব তোমাকে ঘিরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।