মামা সমাচার
- পঙ্কজ শীল
ক্যালকুলেটর লাগতে পারে
মামার হিসেব করতে,
সপ্তাখানেক যেতে পারে
আসল মামা ধরতে!
এই যে দ্যাখো মামার হিসেব
দিলাম আমি নিচে,
এবার তোমরা ছুটতে পারো
সব মামাদের পিছে।
ছোটমামা-বড়মামা
লম্বা কিংবা বেটে,
তাদের প্রায়ই ঝগড়া যে হয়
শোতে গিয়ে খাটে!
মেজো মামা- সেজো মামা
তাঁরা করে গল্প,
ঝগড়া হয় ভাই তখন তাঁদের
খাবার পেলে অল্প।
কালো মামা- ধলো মামা
ঝগড়া তাদের বর্ণে,
রেগে গেলে তাপ্পড় মারে
একে-অন্যের কর্নে!
মিষ্টি মামা- তেতো মামা
তারা শুধু খাইতো,
রাত জেগে সুযোগ খোঁজে
বিয়ের দাওয়াত পাইতো।
বেক্কল মামা- আক্কল মামার-
হয় ঝগড়া- যুক্তি,
আক্কল মামা অবাক তখন
দেখে অন্যের বুদ্ধি।
পাঙ্কু মামা- ঝিংকু মামা
চশমা পরে দামের,
ফ্যাশনেতে হিরো তারা
নয় যে কোনো কামের!
নরম মামা- শরম মামা
লজ্জাতে মুখ ঢাকে,
শালী তাদের কাছে এলে
বিশ হাত দূরে থাকে!
চরম মামা- গরম মামা
পড়লে কারো ছলে,
বারুদ ছাড়াই রেগে-বেগে-
আগুন হয়ে জ্বলে!
চন্দ্র মামা- সূর্য মামা
দুজনে দেয় আলো,
এই জগতের যত মানুষ
বাসে তাঁদের ভালো।
কোন্ মামারা ভালো হবে
তোমরাই নিজে দেখো,
ভালো করে ভেবে-চিন্তে
কমেন্ট লিখে রেখো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।