মেলায় যায় রে
- শেখ মাফিজুল ইসলাম
সাঁকো পার হয়েছিস? কেউ দেয়নি তো ঝাঁকি?
নিচে তাকিয়ে দেখেছিস জল তরঙ্গে কত মানুষ,
কত মুখ, কত সাজুগুজু, আপাদমস্তক ঢেউ তোলা,
তিরতির জলে কত কাঁপন নদীর জলে কত খেলা।
সূর্য মাথার ওপর ছিল, নাকি বিকেল তখন;
মেলায় পৌঁছালি যখন কত মানুষ, মানুষে
মানুষে গিজগিজ; কত রকম হাঁটা-চলা।
পোষাক-আষাকে বাহারী কত, কত ঢঙে
কত রঙে, কথা বলা।
আহা! নাগরদোলা; চড়েছিস নিশ্চয়? নির্ভয়,
যখন ওপরে ওঠে, আকাশ ছোঁয়ার আনন্দ,
আর যখন নিচে নামে দুরু দুরু কাঁপে বুক,
উড়ে যায় সব সুখ।
মনোহারির দোকানে গিয়েছিলি নিশ্চয়? কত
দর কষাকষি, কত হাসাহাসি, কত কথা কাটাকাটি,
পরে মিলমিশ; কেউ-না-কেউ বাজিয়েছে তালপাতার বাঁশি,
কেউ বাজিয়েছে ঠোঁট; কি কিনলি? পায়ের নূপুর, হাতের চুরি,
নাকের নথ, খোঁপার কাঁটা, ভাঙ্গে নি তো জেদ, পুরনো শপথ;
ভিড়ে হাত ফসকে যায়নি তো, বাসায় যখন ফিরলি
কত আনন্দ তাই না! পাশের বাড়ির বাচ্চাটি ধরেছিল বায়না,
সঙ্গে নিতে পারিসনি ব’লে মন খারাপ হয়নি তো;
রাতে ঘুমটুম হয়েছিল ভালো; আবার চল্ মেলায় যায় রে,
বন্ধু-বান্ধব জুটিয়েছি অনেক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।