বাদশা মিয়ার আক্ষেপ
- শেখ মাফিজুল ইসলাম
আমি যখন ভাত গিলে খাই
লোকে বলে- ‘গর্ত বোজায়’
ঘুমিয়ে থাকি নিজের ঘরে
‘পড়ে আছি’- ব’লে ব্যঙ্গ করে।
শাপলা খেয়ে দাঁত- যে কালো
লোকে ব’লে আছো তো ভালো।
‘এক হেঁসেলে তিন রাঁধুনী
পুড়ে মরে তার ফেন গালুনী’
তেমনি দশা আমার;
তাপ্পি মারা জামা গায়ে
খালি পায়ে রাস্তা হাঁটি
লোকে ব’লে চামার।
‘মায়ের গলায় দিয়ে দড়ি
বউকে পরায় ঢাকাই শাড়ি’
তাকে বলবে কী?
মনের মধ্যে পোষমানা ক্ষোভ
জ্বলে উঠবে কী?
ভাঙ্গা ঘরে বসত করি
ছুঁচোয় মারে ডন্
দুধের হাঁড়ি নেইকো কোথাও
মাছি ওড়ে ভন্ ভন্।
মাছিদেরই-বা আক্কেল ক্যামন,
ক্যানই-বা ঘুরে আসে?
সেই প্রবাদটি মনে পড়লে
মনটি আমার হাসে;
‘স্বামী নাই, পুত্র নাই,
কপাল ভরা সিঁদুর
চাল নাই, ধান নাই,
গোলা ভরা ইঁদুর’।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।