জীবনের স্বাদ
- শেখ মাফিজুল ইসলাম
আমার ক্লাস মেট ছিল জীবন;
হাসি-উল্লাসে ভরপুর টগবগে এক যুবক।
যেমন ছিল মগজের তেজ, তেমনি ছিল
বলিষ্ঠ চেহারা। হাসি-গল্পে মাতিয়ে রাখতো
আমাদের; ক্লাসে ঢুকলে টের পাওয়া যেত
জীবন আছে। ওকে দেখলে মাঝে মাঝে গলায়
সুর তুলে গাইতাম-‘এই তো জীবন যাক্ না সে
যে দিকে যেতে চায়--’।
ও গান শুনে হাসতো, মুখে কিছু বলতো না;
এক দিন ক্লাসে কবিতা পড়াচ্ছিলেন নারান বাবু;
ভরাট কন্ঠ, আবেগী ব্যাখ্যা চলছিল, আমরা তখন
মোহিত, পিন পতন নীরবতা ক্লাস জুড়ে, জীবনের
দুষ্টুমিটা স্যারের নজরে আসে, ‘উঠে দাঁড়াও’
গুরুগম্ভীর আওয়াজ; উঠে দাঁড়ালো জীবন, মুখে তখনও
হাসির রেশ লেগে আছে, স্যার নাটকীয় ভঙ্গীতে বললেন-
‘জীবন, জীবনটা চেকে চেকে দ্যাখ’।
শব্দগুলো আমার কানে গেঁথে গ্যালো, মাখনে
ছুরি বসানোর মতো গেঁথে গ্যাল হৃদয়ে; সেদিন
থেকে জীবন চাকতে চাকতে আমি ক্লান্ত, বিষণ্ণ;
তবু জীবনের স্বাদ পেলাম না আজও--।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।