একলা জেগে রই
- শেখ মাফিজুল ইসলাম
বাবার চোখে জল এনেছি
মায়ের চোখেও জল
ভায়ের চোখেও জলছিল-যে
স্মৃতিতে টলমল;
পাড়া পড়শি চোখ ইশারায়
ডাকতো পথের লোক
কানেকানে পৌঁছে দিত
বাবা-মায়ের শোক্।
আঁধার ছিল বন্ধু আমার
জোছনায় ছিল ভয়,
পায়ের নূপুর তাও খুলেছি
মনে ছিল সংশয।
বাঁশির ডাকে ঘর ছেড়েছি
যখন গভীর রাত
মেঘলা আকাশ কঁদছিল-যে
বজ্র অকষ্মাত;
নদীর স্রোতে তুফান ওঠে
তবু পার হয়েছি নদী,
আশ্বাসে সে হাত ধ’রেছে
ভয় পেয়ে যায় যদি।
ভোর হোল যেই তার উঠোনে
কাঁচা রোদের খেলা,
বসলো আমার দু’চোখ জুড়ে
চাঁদের হাটের মেলা।
ঘরের নেশায় ঘর ছেড়েছি
ঘর-বা পেলাম কই
ঘরের মানুষ লোকান্তরে
একলা জেগে রই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।