মহাকালের ট্রেন
- শেখ মাফিজুল ইসলাম
রাস্তা থেকে জীবন শুরু রাস্তায় গেলে ফিরে
হওয়ায় ওড়া কষ্টগুলো জমলো ধীরে ধীরে;
নাট্যশালার অভিনেতা তোমার নাটক শেষ
রঙ্গমঞ্চের পোশাক ছেড়ে ধরো আপন বেশ।
সময় গ্যাল স্রোতের বেগে তুমি ভাসলে নিজে
মনের মধ্যে অঙ্কো কষো করলে তুমি কী-যে;
ভালোবাসার যে-আল্পনা চক্ষু জুড়ে ছিল
মরীচিকার ভেলায় চ’ড়ে দূরে উড়াল দিল।
পান্তা ভাতের গন্ধ ঘামে তুমি চাষার ছেলে
অট্টালিকার উচ্চ-চূড়ায় কী-সুখ তুমি পেলে?
তোমার সাধের গেরস্থালি সব যে হোল মাটি
সাধ, আল্লাদ, ভালোবাসা কোনটা হোল খাঁটি?
পরপারের সাঁকো এবার নিজের হাতে গড়ো
বিষাদ-মাখা স্মৃতিগুলো কেন করছো জড়ো?
রাস্তা থেকে জীবন শুরু রাস্তার পাশে বাড়ি
মহাকালের ট্রেন আসে ওই উঠবে তাড়াতাড়ি?
জীবন নদীর ঘূর্ণী পাকে করলে কত খেলা
পথের দিকে চেয়ে আছো ডুববে কখন বেলা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।